01 February 2010

সেরা গোপাল ভাঁড়: আন্ডা সন্ধানী

রাজা কৃষ্ণচন্দ্র গেছেন মাছ শিকারে। রাজা বলে কথা, একা তো যাননি, সাথে সভাসদ যাঁরা ছিলেন সবাইকে সঙ্গে নিয়ে গেছেন। মাছ ধরতে ধরতে রাজা বললেন, "পুকুরে কতো হাঁস দেখেছো গোপাল? নিশ্চই পুকুরে খুঁজলে তাদের ডিম পাওয়া যাবে।"

"তা তো রাজামশাই পাওয়া যেতেই পারে।"

"তাহলে একটা প্রতিযোগীতা হয়ে যাক কি বলো? দেখা যাক কে কে এক ডুবে হাঁসের ডিম তুলে আনতে পারে।"

যেই কথা সেই কাজ। সব সভাসদ প্রতিযোগীতার জন্য তৈরী। গোপাল যা জানতো না তা হলো রাজা সবাইকে আগেই একটি করে হাঁসের ডিম দিয়ে দিয়েছেন গোপালকে জব্দ করার জন্য। ফলে যা হবার তাই হলো। সবাই এক ডুবে ঠিকই ডিম তুলে নিয়ে এলো। গোপাল তো আর কিছুতেই ডিম খুঁজে পায় না। সে ডুব থেকে উঠে এসে হাঁসের মতো "প্যাঁক প্যাঁক" শব্দ করে পুকুরময় ঘুরে বেড়াতে লাগলো।

রাজা হো হো করে হেসে বললেন, "এ কী করছো গোপাল? সবাই তো ঠিকই পারলো। তুমি একাই পারলে না তো?"

"আজ্ঞে রাজা, আমি তো ডুব দিয়ে উঠেই প্যাঁক প্যাঁক শব্দে আমার জানান দিলাম। আমি তো আর আসলে বাকি সবার মতো হংসী নই যে ডুব দিয়ে ডিম পাড়বো। আমি হলাম যাকে বলে গিয়ে হংস!"

0 comments: